মধুসূদন দরিপা-এর কবিতা
লেপ্রসি কলোনি
মধুসূদন দরিপা
ফলগুলি থরে থরে সাজানো ফলের দোকানে
ঈশ্বরের বাগানের ফল
পাখিটি ফল খেল
পোকাটি ফল খেল
কাল-পাখি। কাল-পোকা। কালকূট !
ক্ষত হল শত অঙ্গ
পাখি কাটা পোকা চাটা ফল
লাগে না পূজায়
ফেলে দেয় সব
শহর থেকে দূরে আঁস্তাকুড়ে
খাল বিল নালা নদীতে
একান্তে বাস করে সেইসব ফল
নির্বাসিত পল্লীসমাজে
সপ্তাহে একদিন, দুইদিন টানা চাকার গাড়িটি ঠেলে
এনামেল বাটিতে কুড়ায় মুদ্রা
পথচারী পদাতিক মানুষের দান
ব্রাত্য ফল কিছু সারি বেঁধে বসে থাকে মন্দিরের ধারে
ভক্ত জন আসে দূর থেকে ছোঁড়ে টাকা এক, দুই, পাঁচ
ঈশ্বরের চাতালে বসে ঈশ্বরের বাগানের অভিশপ্ত ফল
ঈশ্বরের লীলা দেখে যায়
আরও দেখে বিস্ময়ে আপনার শত ক্ষত অঙ্গগুলি ছুঁয়ে
অক্ষত নয় ঠিক তবু এত দিন ধরে
পচন ধরেনি এতটুকু অক্ষতদের মতো।
মধুসূদন দরিপা-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২৩, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: