স্বপন বিকাশ পাল-এর কবিতা
দুর্গাপুজা
স্বপন বিকাশ পাল
কুবের দিলেন রত্নহার
পিনাকপাণি দিলেন শঙ্খ
ব্রহ্মা দিলেন কমণ্ডলু
নারায়ণ দিলেন চক্র।।
দেবী দুর্গা আপনি একা
একা অসুর বধ করতে পারবেন না
আমাদের মনের মাঝে যে
অসুর বাস করে
মনের বাহিরে চতুর্দিকে
যেসব অসুরের বিচরণ
তাদের মধ্যে থেকে
আপনাকে মহিষাসুরকে খুঁজে বের করতে হবে
তারপর সমাজ বিচার শাসন
মূল্যবোধ এসব
সুরদের শিক্ষা সংস্কার
দিয়ে বিশুদ্ধ করে নিতে হবে
পরিশুদ্ধ হয়ে তাঁরা
আপনার দশ হাতে
দশটি সময়োপযোগী অস্ত্র
তুলে দেবেন
তারপর এক ধুন্ধুমার
যুদ্ধ হবে।
২
মহিষাসুরের পাশে সব
অসুর অবশ্যই থাকবে না
কূটনীতি
কায়েমীস্বার্থের জন্য অনেক অসুরই
চুপচাপ বসে -- দেখি না
কি হয় -- ভাবতে থাকবে!
সেই ভয়ঙ্কর যুদ্ধে আপনি
অবশ্যই ধর্ম সুরকে সঙ্গে নেবেন না
কারণ ধর্মসুর অনেক
পক্ষপাত দোষে দুষ্ট।
দিবস রজনীর মধ্যযামে
ঘটবে সেই মহারণ
আলো আঁধারিতে
মুহুর্মুহু বিদ্যুৎ চমকাবে
ভূলোক দুলোক গোলক
কম্পিত করা সেই যুদ্ধে
আপনি মা দুর্গা দশভূজা
বধ করবেন
ঘনঘন রূপ পালটানো, ভাষা
পালটানো, কৌশল পালটানো
অসুরদের দলপতি
মহিষাসুরকে।
অতঃপর আমরা মহাষ্টমী
দিবসে সন্ধিপুজো শেষে অঞ্জলি দেব
নমঃস্তসৈ নমঃস্তসৈ
নমঃস্তসৈ নমঃ নমহ্।
স্বপন বিকাশ পাল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৯, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: