লিপি সাহা-এর কবিতা

সন্ধান শেষে


লিপি সাহা


ভ্রান্তির সমস্ত মোহ জাল সরিয়ে এসে দেখলাম,
তুমি দাঁড়িয়ে আছো সত্যের দ্বীপবর্তিকা হাতে।
আমার অন্ধকার রুদ্ধদ্বার প্রাঙ্গণে
জ্বালিয়েছো উজ্জ্বল মঙ্গল বাতি।
তোমার পূণ্য স্পর্শ দিয়ে
আমার হৃদয়ে জাগিয়েছ হর্ষ।
আমার স্তিমিত জীবন নাট্যকে
তুমি পুণরায় করেছে চলমান।
আমার সকল পাগলামোকে রেখেছো
আপন অন্তরে যত্নে বেঁধে।
আমার সকল ত্রুটিকে শোধন করেছো
তোমার ধৈর্যের সাধনায়।
আমার রসপ্রাণহীন জীবনে
তুমি ঠেলেছো সজীবতার মন্ত্র।
সমস্ত ক্লান্তির বিসর্জনে
গেয়েছো আগমনীর সুর।
তুমি আমার জীবনে এসেছ ঋতু বদলের মত।
তোমাকে পেয়েছি কালবৈশাখীর তাণ্ডব শেষে
হৃদয়ের প্রশান্তিতে।
কখনো বা গ্রীষ্মের উত্তপ্ত রোদের পরে
শ্রাবণের প্রাণ জুড়ানো শীতল বারিধারায়।
হাজার ক্রোশ মরুভূমি পেরিয়ে
গহন সমুদ্রে তোমার সন্ধান পেয়েছি।
তোমাকে পেয়েছি চাতকের তৃষ্ণার্ত চোখের চাহনি শেষে
পানকৌরির ডুবে যাওয়াতে।
শীতের ঝরে যাওয়া পাতা শেষে
তুমি এসেছ বসন্তের ফুলের বাহারের সাথে।
তোমাকে পেয়েছি তুষারপাতের শেষে
পশমের উষ্ণতায়।
তোমার সন্ধান পেয়েছি অভ্যস্ত দিনের শেষে
উৎসবের নিশীথে।
তোমাকে পেয়েছি বন্ধন শেষের মুক্তিতে।
তোমাকে পেয়েছি মিথ্যে কল্পনার শান্তিতে।
তোমাকে পেয়েছি অলৌকিক রোমান্সে,
অন্ধকার রাতের জোনাকির আলোতে।
তুমি ভাষাহীন, শব্দহীন, অনুভূতি হয়ে
লীন হয়ে গেছো আমার মধ্যে।
তোমাকে পেয়েছি কল্পনার শেষে বাস্তবতায়,
অতীত শেষের বর্তমানে।
আমার হাত ধরে তুমি আমাকে নিয়ে গেছো
বিশ্বাসের আনন্দলোকে।
ঘুঁচিয়েছ কালো মেঘ,
শুভ্রাকাশে দেখিয়েছো নতুন সূর্য,
উপভোগ করিয়েছ রহস্যহীন ভোরের স্পষ্টতা,
পান করিয়েছো পবিত্রতার অমৃতধারা।
তোমাকে পেয়েছি ব্যর্থতার শেষে সাফল্যে।
তুমি রয়েছো আমার সার্থকতার গভীরে।
তোমাকে পেয়েছি ভাঙন শেষের সৃষ্টিতে,
প্রতিশ্রুতির অবসানে নব সংসারের বেদীতে।
তোমাকে পেয়েছি ঘৃণার শেষে ভালোবাসায়।
তোমাতে এসে আমার সন্ধান হয়েছে শেষ।
চিরন্তন তুমি,
বিশুদ্ধ তোমার ভালোবাসা।
লিপি সাহা-এর কবিতা লিপি সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.