কঙ্কণ নন্দী-এর কবিতা
ঘুম
কঙ্কণ নন্দী
স্বপ্ন নয়, রাত্রি গভীর হলে আরশোলা
উঠে আসে আমাদের ঘরের ভেতরে ।
প্রতি রাতে রাস্তার ধারের নর্দমা থেকে
পাইপ বেয়ে উঠে আসে ওরা
উড়ে উড়ে ঘরের ভেতরে
এপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে এপাশ
মশারির ভেতরে শুয়ে ঘুমের মধ্যে
আমি আরশোলা দেখি, স্বপ্ন নয় ।
এ কি শহুরে কোনও জটিলতা ?
এ কি সময়ের কোনও বিভ্রম ? ভুল করে
সব আরশোলা কেন নর্দমা ছেড়ে
উঠে আসছে আমাদের ঘরে ?
ঘুমের মধ্যেই আমি ভাবতে থাকি
আর আশ্চর্য হই এটা ভেবে যে
ঘুমের মধ্যেও কিছু ভাবা যায়
ভোরের জন্য অপেক্ষাও ঘুমের মধ্যেই সম্ভব ।
কঙ্কণ নন্দী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ০২, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: