শৈবাল মজুমদার-এর কবিতা

তুমি


শৈবাল মজুমদার


বৃক্ষের ছায়া হওনি কখনও দারুন রোদেলা দুপুরে

করতলে তুমি দাওনি দুমুঠো শিশিরের ফুল দাওনি

মুছে ফেলে যতো ক্ষত অভিমান বারবার আমি ফিরেছি

বন্ধ দরজা তবুও খোলেনি কপাটের খিল খোলেনি


ফিরে ফিরে এসে ফিরে ফিরে গেছি একাকী

শ্মশানে মশানে গঙ্গার তীরে

জীবনের কণা ছড়িয়ে ছিটিয়ে

একা একা ভেসে ... ভেসেছি


আবার এসেছি দুয়ারে মড়ক দাঁড়িয়ে যখন

করাল কুটিল বিমূঢ়

দুঃসময়ের বন্ধুর বেশে দাঁড়িয়েছি এসে

প্রেতছায়া প্রেমে প্রণত


এবার বুঝি বা কবিতা আসবে

কুমারী গর্ভধারিণী।

শৈবাল মজুমদার-এর কবিতা শৈবাল মজুমদার-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.