তৃষ্ণা বসাক-এর কবিতা
মাতৃহন্তা
তৃষ্ণা বসাক
কেন আমায় ডাকিস এই উঞ্ছ
শহরে, মা?
বত্রিশ নাড়ীর বিনুনি
পাকিয়ে পাকিয়ে,
তাতে হরেক রঙবাহারি
ক্লিপ!
বিনুনির নিচে চঞ্চল
ঘুঙুর,
আমাকে এমন করে দুলিয়ে
যাস যখন তখন?
আমি বেজে উঠি,
আমি বেজে উঠি, বেজে...
খিদে পায়, খুব খিদে পায়
আমার,
তোর স্তনবৃন্ত ধরে ঝুলে
পড়ি, আশ্চর্য ট্রাপিজ
আজ রাতে এই উঞ্ছ
শহরে, নিষিদ্ধ তাঁবুতে!
মা, দ্বিতীয়
জন্মের পর জ্যেষ্ঠকে কি ভিক্ষা
দিয়েছিলি?
আজ এখনই ভিক্ষা দে,
ভিক্ষা দে আমায়,
যদিও পুত্র নই, তবু এই
তৃতীয় নয়নে
পুড়িয়ে দিতে পারি তোর
সমস্ত খাণ্ডব, জনপদ!
ভিক্ষা দে,ভিক্ষা :
বজ্রপাত তোর শিয়রে
ভিক্ষা : তোর স্বাদু
নীলাভ হৃৎকমল,
তোর মরামুখ ফিরিয়ে দিক
নীলঘুমমাছি,
এই উঞ্ছ শহর মাড়িয়ে আমি
চলে যাই অলৌকিক
বাগানে...
তৃষ্ণা বসাক-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৯, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: