মৃণালিনী -এর কবিতা
এমন বৃষ্টির দিনে যে ছবি আঁকে নদী জল
মৃণালিনী
এমন বৃষ্টির দিনে স্মৃতিকে জড়িয়ে ধরি, পোশাকে
তুমি। আমায় জুড়ে নদী, রঙিন জল। চাঁদ, তোমায়
খুঁজতে খুঁজতে ছবির ছায়ায় জোয়ার-ভাঁটার
খেলা করে, তোলপাড় করে মন। নদীও পাড়
ভাঁঙতে কল্পনা চোখে, কল্পনার
আকাশে তুমি তো
শুধুই ছবি, ছবিতে ভেসে ওঠে তোমার হাসিমুখ,
জীবন্ত অক্ষর।
এমন বৃষ্টির দিনে তোমার ছবি তোমায় দেখি।
মনে বাষ্পীভূত
ম্লান মেঘ। মনের গুমোট ঘরে
গুমরে গুমরে ভেঙে চলে ইচ্ছেরা। দাঁড়িতে ছেদ
যতি ভাঙে
অসমাপ্ত বাক্য। রাখালের স্রষ্টাকে মনে
পড়ে। মনে পড়ে তোমার প্রথম নদীর ছোঁয়া, হাতে
খড়ি। ভালোবাসার প্রথম বর্ণ পরিচয়।
এমন বৃষ্টির দিনে তোমার ছবিতে ছায়াদের ভিড়।
এক একটি ছবির
দীর্ঘ হতে হতে ছায়ায় লুকোনো
ব্যবধান। ঘসা কাঁচে দুজনের দুই পৃথিবী, এক
অন্তরীক্ষ! এমন বৃষ্টির দিনে নীরব অক্ষরেরা
মাটিতে লুটিয়ে কাঁদে। তুমি ভাবো বৃষ্টিবিন্দু!
তোমার
প্রেমিকার হীরের নাক ফুল!
এমন বৃষ্টির দিনে প্রথম বৃষ্টির স্মৃতি আঁকড়ে বেঁচে
থাকে
মূক শব্দ, কবিতায় শব্দে ছুঁয়ে যেতে চায়
তোমার বৈভব মন...
মৃণালিনী -এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: