ঊর্মিলা চক্রবর্তী-এর কবিতা
উপচার
ঊর্মিলা চক্রবর্তী
দু-চার ফোঁটা আক্ষেপ-অ্যাসিড ছিটিয়ে দাও দিনের শরীরে,
অমনি তার টলটলে আলো কেমন ঘোলাটে চোখে
চায়, তার গায়ে বিনবিন করে ওঠা ঘামদানারা
জানান দেয় তাপমান মাত্রা ছাড়িয়ে যাচ্ছে,
হাতে পায়ে খিঁচ ধরিয়ে দিচ্ছে অন্ধকারের ছটফটানি
কলজের কোন বা খাঁজে।
তার অস্থিরতার দেহভাষা সংকেতে সঞ্চার করে গূঢ় ক্ষোভ,
ধমনীর খাতে কালো রক্ত বয়ে যেতে
ছলাচ্ছল বলে ওঠে, ভালো নেই, তুমি তো তেমন ভালো নেই মেয়ে।
শান্তিজলে আরাধনা করি।
জলশাঁখ ত্রিপদে বসাই, অর্ঘ্য আনি বনফুল, দূর্বাশীষ,
ত্রিপত্র বেলের উপচার, স্নেহ, প্রেম, চন্দনগন্ধের সঙ্গে
ঘন শ্বাসে বুক ভরে সুন্দরের ধ্যান, স্তোত্রমন্ত্রে ন্যাস,
পূত শব্দবীজে নান্দনিক আবাহন,
শুদ্ধাচারে রূপপর্ণে বাগদেবীর আসন রচনা।
আলোর শরীরক্ষত নিরাময়ে অন্য কিই বা তপশ্চর্যা?
ঊর্মিলা চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ১৬, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: