অরুণ চক্রবর্তী-এর কবিতা
উত্তর দেয় না দেবী
অরুণ চক্রবর্তী
হাত বাড়িয়ে
বায়ুমণ্ডল নিয়ে এসেছি সরাসরি দশভুজার কোলে,
এ কেমন
জলধারা যে কখনো বিশ্রাম নেয় না
এখন যদি
দেবীর কোলে ঘুমোয় বা পরমযত্নে ঘুম পাড়িয়ে রাখে-
নাহলে
আসন্ন বিপন্নতা নাকানিচোবানি খাওয়াবে সব প্রস্তুতি
রাতের
পর রাত জেগে সাজানো আবহ
হাবুডুবু খাচ্ছে থৈ থৈ জলে
নিরুপায়
এক কোণে বসে দেখা
অশ্রু
সংবরণ করে শুধুই পথচাওয়া
নিষ্ঠুর
এই দৃশ্য কবে শেষ দেখেছি মনে নেই
মানুষের
চোখে জল আনে বায়ুমণ্ডল
দোষ কি
তার
সব সুতো
বিচ্ছিন্ন করলে টুকরো টুকরো হয়ে যায় পরপর মুখ সব
অন্তর্দাহ
খুবলে খায় সাজানো বাগান
বাগানের
ফুল সব খাঁচা খুলে ছড়িয়ে যায় অনন্তবিস্তারে
দু'কূলপ্লাবী
ভালোবাসা দেবীগর্জনে ধূলিসাৎ হয় হৃৎপিণ্ডে
দুর্গম
পর্বতে আশ্রয় নেয় ধূপধূনোর সমস্ত আয়োজন-
আটচালা
ভাসে মধ্যজলে
সব ছোটাছুটি
অসহায় জ্বলে বহ্নিশিখায়
দেবী
কঠিন নিঃশ্বাসে আগুন ছড়ায়
উদ্বোধন
আবার ঢেকে যায় অবিন্যস্ত চাঁদরে
হায় আনন্দ
হায় বিষাদ তুমি কি তখন ভীস্মের শরশয্যায়?
উত্তর
দেয় না দেবী
চুপচাপ
স্থির গভীর ধ্যানে ব্যস্ত-।
অরুণ চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০২, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: