শৈবাল মজুমদার-এর কবিতা

ছিন্নমূল


শৈবাল মজুমদার


নিজেই ছিঁড়েছি নিজের শিকড়
ভেসে যাবো বলে উপড়েছি অস্তিত্ব
শুকনো ফুলের গাঢ় বেদনার
কাঁটাতার ছিঁড়ে ভেঙেছি ঘর-দুয়ার
নিকোনো উঠোনে অবহেলে রেখে
জীবনের ম্লান কৌপীণ
পৃথিবীর ক্রুর মাঠে ময়দানে
শ্রমে ঘামে ভেজা মানুষের সাথে হেঁটেছি

সুখের চাঁদর সরিয়ে রেখেছি
প্রবল শীতের শঙ্কুল ঘন রাতে
অগ্নিকুন্ডে ঘিরেছি শরীর গ্রীষ্মের দাবদাহে
ছুঁয়েছি অগ্নিশিখা
উত্তাল নদী সাঁতরিয়ে পার...কিশোরের ছেলেখেলা
সারাদিন তোলপাড়
রোদে পুড়ে আর জ্যোৎস্নায় ভিজে
কবরের বুকে কাঁটা ফুঁড়ে ফুঁড়ে বিক্ষত ফুল এঁকেছি

এভাবে শিকড় ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে
দরজার খিল ভেঙেছি ভেঙেছি ভেঙেছিরে।
শৈবাল মজুমদার-এর কবিতা শৈবাল মজুমদার-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০৩, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.