সুলেখা সরকার-এর কবিতা
আদিম
সুলেখা সরকার
এই পৃথিবীতে আমার কোনো
পৃথিবী নেই বলে
আশ্রয় জোটেনি আজও।
অস্তিত্ব খুঁজে পাইনি
মাটিতে অথচ কেমন
সত্তা নিয়ে দাঁড়িয়ে আছি
নির্লজ্জের মতো।
সৃষ্টির সময় নষ্ট করবো
না।
তাড়াতাড়ি চা খেয়ে নাও
যাঁদের কেউ নেই,
তাড়াতাড়ি টানাটানি করে
হাত ধর যাদের কিছু নেই,
যেতে হবে বহুদূর
রামপিথেকাসের কাছে।
যদি ওঁরা কথা না বলে,
ভাষা ভুলে গিয়ে থাকে বয়সের ভারে,
তবে ফিরে আসতে হবে
ক্রোম্যানিয়নের কাছে।
বোঝাতে হবে আমি
তোমাদেরই লোক।
তোমাদের লোক… ক্লান্ত
এক।
অনেকটা হেঁটেছি একা
জীবাশ্ম নিয়ে,
এই আমার পাথরের আয়ুধ।
প্রত্নোপলীয় আয়ুধ।
চিনে নাও আমায়।
আমি আদিম আদিবাসী।
পর্বত গুহার আদি চিত্র।
আদি উর্বর ভূমি। আমি
নারী। অখন্ড পৃথিবী।
চেননি আমায়?
সুলেখা সরকার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ৩০, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: