শৈবাল মজুমদার-এর কবিতা

একুশ শতকের কবিতা


শৈবাল মজুমদার


বুকের বাঁদিকে পাঁজড়ার তৃতীয় হাড়ের নীচের শেল্ফে
একটা মিনিয়েচার ডীপ ফ্রিজ বসিয়ে নিয়েছি
সেখানে আমার নিজস্ব দুঃখের মৃতদেহ গুলো সাজিয়ে রাখবো
মণীষাও ভুরু প্লাক করে রি-প্ল্যান্ট করিয়েছে
সবুজ ধানের চারা.... মণীষার চোখে এখন
দীঘির জলের ছায়া খেলা করে

আমার মা...ওপেন হার্ট সার্জারীতে টিভির পর্দায়
পরিষ্কার দেখেছি...মা'র সারাবুক জুড়ে
পুরুষ নখরের ক্ষত আর সোনালী শিকল

আমি টিউব থেকে নেমে এসকেলেটরের সিঁড়িতে
আমার প্রথম প্রেম নিবেদন করেছিলাম ফরাসী ভাষায়
মণীষার অনুবাদ—যন্ত্রটার মন খারাপ ছিলো বলে
ও উত্তর দিয়েছিলো প্রাচীণ সংস্কৃতে
এভাবেই, পরস্পরের ভাষা না বুঝেই
আমরা মহাকাশে সাজানো গোছানো ফ্ল্যাট কিনেছি
যেখান থেকে উঁকি মেরে পৃথিবীর বস্তি দেখা যায়
মলিন ভাই-বোনদের দেখা যায় অনুবীক্ষণ চক্ষু দিয়ে

গতবছরের বিশাল পারমানবিক দুর্ঘটনায়
আমার মস্তিষ্ক শিরদাঁড়া এবং বিবেক ছিঁড়েখুঁড়ে গেলেও
স্পেস এজ প্লাষ্টিকে বিজ্ঞানে
এখন বেশ চকচকে ষ্টেনলেশ পোষাকে....সেই চান্সে
মণীষাও শরীরের সব রক্ত মাটির গামলায় ঢেলে
খুব গাঢ় নীল রং গুলে
শিয়ালের মতো অভিজাত আর মসৃন হয়ে উঠেছে

আমি শুধু বুকের বাঁদিকে ডীপ ফ্রীজে
একটা ষ্ট্রেচার অবিরাম খালি রেখে যাই
অর্ব্বাচীন এ ধাতুর নিষ্ঠুর জঙ্গলে
মন নামে অবয়বহীন
কোন নিজস্ব দুঃখের মৃতদেহ ছুঁয়ে
কোনদিন খুব ভোরে
ওখানেই খুব একা নিথর থাকবো একা শুয়ে।
শৈবাল মজুমদার-এর কবিতা শৈবাল মজুমদার-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০২, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.