অমর চক্রবর্তী-এর কবিতা
ভাষা
অমর চক্রবর্তী
কাঁটাতার পেরিয়ে উড়ে আসে পাখি
ঠোঁটে আনে বিশ্বাস
সাহসের মাঠে বুনে দেয় আলো
বোঝায় নিজ ভাষায় এই রোপন
অন্যথায় সর্বনাশ।
আমি দেখি মানুষ দলছুট স্মৃতিছুট
বুলবুলি টিয়া ময়না ভাষা শুনি
তাদের কন্ঠে রিমিক্স নেই
ঠিকরে পড়ে পরিচিত আলো
ওদের একুশ ছিলনা তবু
ভাষাকে অন্তহীন রাখলো
আমরা মানুষ আত্মঘাতী
রক্তস্নাত হয়েও
কথাকে করি ছন্দহীন
একবার একুশ একবার ঊনিশ তবু
হৃদি-হাওয়াকে হারাতে ব্যস্ত অহর্নিশ!
ইউক্রেন থেকে উড়ে এলেও বুলবুলি
বিশ্বায়নের দোহাই দিয়ে
ঠোঁটে নেয়নি কৃত্রিম বুলি।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: